ফুলবাড়ীতে কৃষি বিভাগের অভিযানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি বিভাগের অভিযানে এক খুচরা দোকান থেকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন। এসময় স্থানীয় ব্যবসায়ী রাজ্জাকের দোকান থেকে চারটি মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়।

অভিযানে একই বাজারের অপর ব্যবসায়ী রফিক, রফিক মিয়া ও আজিমুল ইসলামের দোকানও পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, তাদের কারও এপি নম্বর নেই। এজন্য তাদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে বিক্রির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেয় কৃষি বিভাগ।

অভিযান চলাকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহানাজ লাইজু এবং উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন জানান, কৃষকদের ক্ষতি রোধে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান বালারহাটসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিয়মিতভাবে চলবে।

Share With