‘চর জাগে, দেশ বাঁচে’ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে দুই দিনব্যাপী স্থানীয় উদ্ভাবন ও অভিযোজন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় শহরের খলিলগঞ্জে অভিনন্দন কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধন করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. কুদরত-ই-খুদা।
মেলাটি আয়োজন করেছে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি ও সিআরইএ প্রকল্প, কারিগরি সহযোগিতায় ছিল মানুষের জন্য ফাউন্ডেশন। এতে পরিবেশ ও উন্নয়ন খাতে কাজ করা ১৫টি সংগঠন অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন প্রথম আলোর সিনিয়র সাংবাদিক সফি খান। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. কুদরত-ই-খুদা, সাবেক সিভিল সার্জন আমিনুল ইসলাম, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সিআরইএ প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, চরাঞ্চলসহ প্রান্তিক মানুষের জীবনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় উদ্ভাবন ও অভিযোজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে কৃষি, জীবিকা ও নারীর ক্ষমতায়ন এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ কার্যকর হবে।
স্টল পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. কুদরত-ই-খুদা বলেন, “আজকের এ আয়োজন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়ক হবে এবং চরাঞ্চলের কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।”
উল্লেখ্য, মানুষের জন্য ফাউন্ডেশন-এর কারিগরি সহায়তায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি ও সিআরইএ প্রকল্প ২০২৩ সাল থেকে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ও পাঁচগাছি ইউনিয়নে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছে।