কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাদকের ক্রমবর্ধমান বিস্তার রোধ এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের তিলাই উচ্চ বিদ্যালয় মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহতা তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন। এছাড়াও বক্তব্য দেন তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াছিন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, তিলাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ওসমান গনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাবু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল বাতেন বাবলা এবং আয়োজক কমিটির সদস্য ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নাহিদ হাসান নিবিড়।
বক্তারা বলেন, মাদক আজ সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ ও ছাত্রসমাজ মাদকের আগ্রাসনের কারণে বিপথে পরিচালিত হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গভীর উদ্বেগের বিষয়। মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া উচিত নয়। মাদক কারবারিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বর্জন এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও জনমত গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি তারা বলেন, সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত ভূরুঙ্গামারী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে প্রশাসন ও সর্বস্তরের জনগণের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।