মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও অগ্রগতি মূল্যায়নের ভিত্তিতে প্রণোদনা প্রদানের লক্ষ্যে ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম’ এর আওতায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)-এর অধীনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুর হাই সিদ্দিকী। উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সোনাহাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি বাবুল আক্তার, বলদিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহ. লুৎফর রহমান, বিএনপি নেতা কাজী নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর আনোয়ার হোসেন, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পরিদর্শক তৌহিদা সিদ্দিকা, একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান বুলবুল, সাবেক বিএনপি সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকনসহ অন্যান্য বিশিষ্টজন।
বক্তারা বলেন, পারফরমেন্স বেজড প্রণোদনার এ ধরণের উদ্যোগ শিক্ষকদের মধ্যে পেশাগত উদ্দীপনা সৃষ্টি করবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
পরে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে মনোনীত ৩৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাইদুল ইসলাম মুকুল।
পুরো আয়োজনে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।