মো. ফাহিম শাহরিয়ার, রংপুর প্রতিনিধি।
দেশজুড়ে টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশের বিভাগগুলো ঘুরে মাঠ পর্যায়ের ক্রিকেট কাঠামো যাচাই করছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি যান রংপুর স্টেডিয়ামে। সেখানে গিয়ে বাস্তবতার যে চিত্র তিনি দেখেছেন, তা ছিল হতবাক করার মতো।
রংপুর স্টেডিয়ামে জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেনের সঙ্গে এক সাক্ষাৎে বিসিবি সভাপতি জানতে চান বিভাগীয় লিগের পরিস্থিতি। জবাবে নাসির রসিকতা করে বলেন,
“ভাই, আমরা তো এখানে বিশ্বকাপ খেলি!”
চমকে উঠে বিস্মিত সভাপতি জিজ্ঞেস করেন, “বিশ্বকাপ মানে?”
নাসির হেসে বলেন, “বিশ্বকাপ তো চার বছর পরপর হয়, আমাদের এখানেও লিগ হয় চার-পাঁচ বছর পর! এটাকে বিশ্বকাপ না বললে আর কী বলব?”
নাসিরের এই মন্তব্য যেন বাস্তবতার নির্মম রসিকতা। এক দশক ধরে দেশের প্রায় ৪০-৪৫টি জেলায় জেলা ক্রিকেট লিগ বন্ধ। বিভাগীয় লিগগুলোও হয় দীর্ঘ ব্যবধানে, আর তাতেও দুর্নীতির অভিযোগের শেষ নেই। রংপুরের অনূর্ধ্ব-১৯ দলের কয়েকজন ক্রিকেটার রীতিমতো চোখের জল মুছতে মুছতে বিসিবি সভাপতির কাছে আকুতি জানায়—
“স্যার, আমরা খেলতে চাই!”
বিসিবির বর্তমান সভাপতি বুলবুল জানান,
“দেশের ক্রিকেট কাঠামোর উন্নয়ন ছাড়া জাতীয় পর্যায়ে সফলতা সম্ভব নয়। তাই মাঠ পর্যায়ের ক্রিকেট পুনর্গঠনে বিসিবি বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে। ঢাকা কেন্দ্রিক ক্রিকেটের বলয় ভেঙে দেশের প্রতিটি জেলা ও বিভাগে কার্যকর লিগ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, রংপুরসহ অন্যান্য বিভাগেও যেন নিয়মিত লিগ হয়, সে বিষয়ে বোর্ড কঠোরভাবে নজর দেবে।
দেশের ক্রিকেট যেন আর ‘বিশ্বকাপের মতো’ লিগের ওপর নির্ভর না করে, বরং নিয়মিত, স্বচ্ছ ও কাঠামোবদ্ধ প্রতিযোগিতার মাধ্যমে ঘরোয়া পর্যায় থেকে প্রতিভা উঠে আসতে পারে—এমনটাই এখন প্রত্যাশা সকলের। বিশেষ করে রংপুরের মতো অবহেলিত বিভাগের ক্রিকেটাররা এবার নতুন আশার আলো দেখতে চান।