কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘুষ ও দুর্নীতির অভিযোগে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা গেট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়।
স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক এবং সচেতন নাগরিকদের আয়োজনে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য দেন ছাত্রনেতা আব্দুল হাই, শরিফুল ইসলাম, সানরেজা বসুনিয়া, সিদরাতুল সবুজ, মুন সরকার ও জেলাল সরকারসহ আরও অনেকে। বক্তারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদকে অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানান।
সমাবেশে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে—
১. ঘুষ ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শিক্ষা কর্মকর্তার অপসারণ,
২. ফুলবাড়ীর সব প্রাথমিক বিদ্যালয়কে স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় আনা,
৩. ক্লাস চলাকালে প্রাইভেট টিউশন ও কিন্ডারগার্টেন কার্যক্রম নিষিদ্ধকরণ,
৪. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডিজিটাল হাজিরা বাধ্যতামূলক করা এবং
৫. কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ নিষিদ্ধ করা।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্বারকলিপি পেশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লিপিকা রায় বলেন, “নুর মোহাম্মদ নামের এক কর্মকর্তা আমাদের উপজেলায় যোগদানের কথা রয়েছে। তবে তার বিরুদ্ধে ঘুষ বা দুর্নীতির অভিযোগ সম্পর্কে আমরা আনুষ্ঠানিকভাবে কিছু জানি না।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, “এই অভিযোগ বিষয়ে শিক্ষার্থীরা আমাদের কাছে স্বারকলিপি দিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।”