রাজারহাটে ড্রেনে মিলল কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ

কুড়িগ্রামের রাজারহাটে ময়লার ড্রেন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ড্রেনের আশপাশে মাছি ভনভন করতে দেখে শনিবার বিকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে কাছে গিয়ে কাপড়ের ভেতর নবজাতকের মরদেহ দেখতে পান তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদর্শ বি.এল হাই স্কুলের প্রায় ৫০ মিটার পূর্বদিকে একটি ময়লার ড্রেনে মরদেহটি পড়ে ছিল।

এর আগে সোমবার শিশুটিকে সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

প্রত্যক্ষদর্শী মামানা বেগম বলেছেন, “আমার বাড়ির সামনেই শিশুটির মরদেহ পড়ে ছিল। বিকালে আমি, কামরুন নাহার ও মেহেরুন বিষয়টি দেখতে পাই। পরে আমরা আশপাশের লোকজনকে জানাই।”

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি অকাল গর্ভপাতের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এ ঘটনায় দণ্ডবিধির ৩১৭ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতকের পরিচয়, মৃত্যুর কারণ এবং কে বা কারা মরদেহটি সেখানে ফেলে গেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে তদন্তের দাবি জানিয়েছেন তারা।

Share With