রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতির অভিযোগ তুলে এর প্রতিবাদে তাঁর নিজ জেলা কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতা-কর্মীরা। বুধবার সকালে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​সকালের দিকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতা-কর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা প্রমুখ। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
​

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনার মাধ্যমে ফ্যাসিস্ট শক্তিগুলো এখনো সক্রিয় থাকার প্রমাণ দিচ্ছে। তাঁরা আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাবেশ থেকে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *