রৌমারীতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহতের মামলায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহতের মামলায় পলাতক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে এসআরবি।

শনিবার রাত ৯টার দিকে পাবনা জেলা শহরে জামালপুর-১৪ ও পাবনা-১২ এসআরবির যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রৌমারী থানার ওসি কাওসার আলী।

গ্রেপ্তার লুৎফর রহমান (৫০) পাবনা জেলা সদরের বাসিন্দা।

১৭ সেপ্টেম্বর দুপুরে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙ্গী এলাকায় ইজিবাইকের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চাপায় ইজিবাইকে থাকা লিপি (২৬), তার ছেলে রিশাদ (১২), মেয়ে তুবা (৭) এবং শরিফা (৪২) ও রাজিবপুর উপজেলার নজরুল ইসলাম নিহত হন। গুরুতর আহত হন নিহত শরিফার মেয়ে বৃষ্টি (২৫)।

ঘটনার পর ট্রাক চালক ও ইজিবাইকের চালক পালিয়ে যান। সেদিন রাতেই নিহতের পরিবার বাদী হয়ে দুই চালকে বিরুদ্ধে রৌমারী থানায় লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নামে এসআরবি জামালপুর-১৪। পরে পাবনা থেকে ট্রাক চালককে গ্রেপ্তার করে।

রৌমারী থানার ওসি কাওসার আলী বলেন, ট্রাক চালক লুৎফর রহমানকে পাবনা থেকে রৌমারী থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে। ইজিবাইক চালককেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *