শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও সৃজনশীলতা চর্চার উদ্দেশ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্বপ্নচারী সংগঠনের উদ্যোগে দু’দিনব্যাপী কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে সমাপ্ত হয় এ আয়োজন।
প্রথম দিন সকালে পৌর এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। “তুলি আর রঙে আঁকি, স্বপ্ন দেখি আগামী”—এই স্লোগানকে সামনে রেখে ছোট্ট শিল্পীদের তুলির আঁচড়ে ফুটে ওঠে রঙিন ভবিষ্যতের স্বপ্ন। প্রতিযোগিতায় বিজয়ীরা পরদিন সংবর্ধনা অনুষ্ঠানে পুরস্কৃত হন।
দ্বিতীয় দিন সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজন করা হয় বিতর্ক প্রতিযোগিতা। বিষয় ছিল—“বর্তমান শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে পারছে না।” ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা দলীয়ভাবে অংশগ্রহণ করে প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। শেষে বিজয়ী ও রানারআপ দলকে পুরস্কার প্রদান করা হয়।
একই দিন বিকেল ৩টায় শুরু হয় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। এ বছর প্রথমবারের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অতিথিবৃন্দ সংবর্ধিতদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান। সংবর্ধিত শিক্ষার্থীরাও নিজেদের অনুভূতি ব্যক্ত করে এবং জুনিয়রদের সামনে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
সুশৃঙ্খল ব্যবস্থাপনায় পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন করেন স্বপ্নচারীর সদস্যরা। সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এই ধরনের সৃজনশীল উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।