জেলা প্রশাসন, দিনাজপুরের আয়োজনে অনুষ্ঠিত ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬-এ সর্বোচ্চ পদক অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুড়িগ্রাম জেলা। রংপুর বিভাগের আট জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ৩০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় কুড়িগ্রাম জেলার প্রতিযোগীরা ১১টি ইভেন্টে প্রথম স্থান, পাঁচটি ইভেন্টে দ্বিতীয় স্থান এবং চারটি ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করেন। সব মিলিয়ে মোট ২০টি পদক লাভ করে কুড়িগ্রাম জেলা, যা সর্বোচ্চ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ এহছানুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি।
এই সাফল্যে কুড়িগ্রাম জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে। আয়োজক ও অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ভবিষ্যতেও পারস্পরিক সৌহার্দ্য ও শারীরিক সুস্থতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।