‘পঞ্চায়েত’ বদলে দিয়েছে আমার জীবন’

অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ ‘পঞ্চায়েত’-এর চতুর্থ মৌসুমও দর্শকের মন জয় করেছে। সিরিজের অন্যতম প্রিয় ‘সচিবজি’ চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা জিতেন্দ্র কুমার। সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রার বালগন্ধর্ব রঙ্গমন্দির মিলনায়তনে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পঞ্চায়েত তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।
সাক্ষাৎকারের শুরুতে জিতেন্দ্র বলেন, ‘আজ আমাকে ছোট থেকে বড় সবাই পঞ্চায়েত-এর কারণেই চেনেন। ইন্ডাস্ট্রির অনেক মানুষ এই সিরিজ দেখে আমাকে ব্যক্তিগতভাবে বার্তা পাঠিয়েছেন। পঞ্চায়েত আমার জন্য বহু নতুন দরজা খুলে দিয়েছে। এখন আমার কথা মাথায় রেখে গল্প লেখা হচ্ছে। নির্মাতারা আমার সঙ্গে দেখা করতে চান। জীবনে অনেক ভালো কিছু ঘটছে, আর এই সিরিজ তার বড় কারণ।’

চারটি মৌসুমজুড়ে বলিউড অভিনেত্রী নীনা গুপ্তার সঙ্গে কাজ করেছেন জিতেন্দ্র। ‘পঞ্চায়েত’ ছাড়াও ‘শুভ মঙ্গল জ্যাদা সাবধান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। নীনার সঙ্গে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছেন বলে জানান তিনি। বলেন, ‘নীনা ম্যামের থেকে শিখেছি, সেটে কীভাবে পরিস্থিতি সামলাতে হয়। আগামী দিনেও তাঁর কাছ থেকে আরও অনেক কিছু শিখতে চাই। নীনা ম্যাম আর রঘুবীর যাদব স্যারের আমি বড় ভক্ত।’

নিজেকে প্রায় একই ঘরানার চরিত্রে আবদ্ধ দেখতে পান—এ নিয়ে খানিক হতাশাও রয়েছে। জিতেন্দ্রর মতে, ‘আমাদের ইন্ডাস্ট্রির সমস্যা হলো, কোনো অভিনেতা যদি একটি চরিত্রে হিট হন, সে ধরনের চরিত্রেই তাঁকে বারবার প্রস্তাব দেওয়া হয়। যতক্ষণ না তিনি ভিন্ন ধাঁচের চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করতে পারেন, ততক্ষণ তাঁকে অন্যভাবে ভাবা হয় না।’

Share With