আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে বাংলাদেশ গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ‘ছাত্র অধিকার পরিষদ’-এর কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লাকে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে মনোনীত করা হয়েছে।
বিন ইয়ামীন মোল্লার বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নে। তিনি স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম মোল্লার ছেলে। তার বাবা পাথর ব্যবসার সঙ্গে যুক্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া এই ছাত্রনেতা নিরাপদ সড়ক আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি আওয়ামী লীগ সরকারের হাতে গ্রেফতার হয়ে দীর্ঘ সাত মাস কারাভোগ করেন।
প্রার্থীতা প্রসঙ্গে বিন ইয়ামীন মোল্লা বলেন, “আমি আশা রাখি শিক্ষার্থীরা গণ-অভ্যুত্থানের আগে যারা সত্যিকার অর্থে তাদের জন্য লড়াই করেছে, তাদের মূল্যায়ন করবে। আমি ইতোমধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। বাকিটা আল্লাহর ওপর ভরসা।”
স্থানীয়রা জানান, বিন ইয়ামীন মোল্লা একজন ত্যাগী ছাত্রনেতা। তিনি আন্দোলনের মাঠে বহুবার কারাভোগ করেছেন, জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। তাদের বিশ্বাস, ভিপি পদে তিনি যোগ্য প্রার্থী এবং জয়লাভ করবেন ইনশাআল্লাহ।
উল্লেখ্য, বিন ইয়ামীন মোল্লা বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবেও বিবেচিত। এছাড়া তিনি ২০১৯ সালের ডাকসু নির্বাচনে একই সংগঠনের মনোনীত প্রার্থী হিসেবে স্যার এ এফ রহমান হল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।