ফুলবাড়ীতে ধরলার ভাঙনরোধে টেকসই বাঁধের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ চরগোরকমণ্ডল এলাকায় ধরলা নদীর তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আব্দুস ছালাম, জাফর আহমেদ, শাকিল আহমেদসহ বক্তারা জানান, গত দেড় মাসে অর্ধশতাধিক পরিবার ভাঙনের শিকার হয়ে গৃহহীন হয়েছে। নদীর ভাঙনে শতশত আবাদি জমি বিলীন হয়ে যাচ্ছে, অথচ কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই সাময়িক জিও ব্যাগ ফেলার কাজ হলেও স্থায়ী বাঁধ না থাকায় নদীভাঙন ঠেকানো যাচ্ছে না।

কর্মসূচিতে ভাঙনে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারসহ কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান, ধরলার ভাঙনরোধে চরগোরকমণ্ডল এলাকায় ছয় হাজার জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হয়েছে এবং ফেলার কাজ প্রায় শেষের দিকে। পাশাপাশি ওই এলাকায় আরও একটি প্রকল্পের বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি আশ্বাস দেন।

Share With