কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে গিয়ে নুর মোহাম্মদ (৪২) নামের এক গরু ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ২৪ ঘণ্টা পার হলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ নুর মোহাম্মদ উলিপুর উপজেলার কামালখামার এলাকার বাসিন্দা জহুরুল হকের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে পৈত্রিক সূত্রে গরু ব্যবসার সঙ্গে জড়িত।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বুড়াবুড়ি ইউনিয়নের কাশেমবাজার ঘাট থেকে ২০–২৫ জন গরু ব্যবসায়ী একটি নৌকায় করে সাহেবের আলগা ইউনিয়নের খেওয়ারচর বাজারের উদ্দেশে রওনা দেন। নৌকাটি কাজিয়ার চর এলাকায় পৌঁছালে নুর মোহাম্মদ চলন্ত নৌকার কিনারায় বসে প্রসাব করতে গিয়ে ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নুর মোহাম্মদের সন্ধানে পরিবার ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি চালাচ্ছেন।