জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে কুড়িগ্রাম জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন উলিপুরের কৃতি সন্তান মো. সাজ্জাদ হোসাইন।
শনিবার (১ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর, কুড়িগ্রামের হলরুমে আয়োজিত জাতীয় যুব দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘স্টুডেন্ট’স ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা এবং ‘উলিপুর স্বেচ্ছাসেবী ফোরামের’ আহ্বায়ক মো. সাজ্জাদ হোসাইনের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উপ-পরিচালক, সহকারী পরিচালক, বিভিন্ন উপজেলার যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় মো. সাজ্জাদ হোসাইন বলেন, “কুড়িগ্রামে যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত সংগঠনগুলোকে নিয়ে আমরা মাঠ পর্যায়ে নিরলস কাজ করছি। যুব সংগঠনগুলোর সদস্যদের সাথে মতবিনিময়, তাদের সমস্যা ও সংকটগুলো চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করে যাচ্ছি। এই স্বীকৃতি আমাদের কাজের গতি ও দায়িত্ববোধ আরও বহুগুণ বাড়িয়ে দেবে।”
অনুষ্ঠানে বেলগেছা যুব সংগঠনের সভাপতি মো. রাফি তাঁর বক্তব্যে বলেন, “সাজ্জাদ যুবকদের দারুণভাবে উদ্বুদ্ধ করতে পারেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে ইতোমধ্যে ১ হাজারের বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানে অংশ নিয়েছেন। বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে তিনি জেলাজুড়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন।”
উল্লেখ্য, মো. সাজ্জাদ হোসাইন দীর্ঘকাল ধরে নিয়মিত রক্তদান কার্যক্রম পরিচালনা, শিক্ষা সহায়তা প্রদান, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, শীতবস্ত্র বিতরণসহ যুব সচেতনতামূলক বহুমুখী স্বেচ্ছাসেবী কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছেন।