দীর্ঘদিনের প্রচেষ্টার পর অবসান ঘটলো কুড়িগ্রাম সদর হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসাসংকট। শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটিতে চুক্তিভিত্তিক ২ জন এমবিবিএস ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতা ও সার্বিক সহায়তার জন্য ৫ জন ক্লিনার এবং ৩ জন ভলান্টিয়ার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত (বুধবার) ১লা অক্টোবর ২০২৬ ইং,হাসপাতাল পরিদর্শনের সময় ডা. আতিকুর রহমান মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেন। এ সময় তিনি হাসপাতালে উপস্থিত ও চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বেশ কিছু দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে ডা. আতিকুর রহমান মুজাহিদ বলেন, “শিশু বিভাগে ডাক্তার এবং পরিচ্ছন্নতাকর্মীর সংকটের কারণে এতদিন এখানকার সেবাপ্রার্থীরা কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছিলেন না। এই নতুন নিয়োগের ফলে এখন থেকে কুড়িগ্রামের শিশুরা আরও নিয়মিত ও প্রয়োজনীয় সময়ে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে। একই সাথে রাত পর্যন্ত ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে, যাতে কোনো জরুরি রোগী সেবা থেকে বঞ্চিত না হয়।”
হাসপাতালের সার্বিক পরিবেশ সুন্দর রাখতে রোগী ও স্বজনদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “হাসপাতাল আমাদের সকলের সম্পদ। এর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের দায়িত্ব। অনুরোধ থাকবে, কেউ যেন যত্রতত্র পানের পিক বা ময়লা-আবর্জনা না ফেলেন এবং নির্দিষ্ট নিয়মকানুন মেনে চলেন।”
এক প্রতিক্রিয়ায় তিনি আরও উল্লেখ করেন, এটি কোনো ব্যক্তিগত সাফল্য বা অর্জন নয়; এটি কুড়িগ্রামের মানুষের প্রতি এবং বিশেষ করে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার প্রতি একটি নাগরিক দায়বদ্ধতা ও দায়িত্ব পালনের চেষ্টা মাত্র। স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এই ধরনের জনসেবামূলক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।
নতুন ডাক্তার ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও শিশুর অভিভাবকগণ। তাঁরা মনে করছেন, এই উদ্যোগের ফলে কুড়িগ্রাম সদর হাসপাতালের সেবার মান অনেকাংশে বৃদ্ধি পাবে।