কুড়িগ্রাম সরকারি কলেজে মেরামত ও সংস্কারে বরাদ্দ ১২৬ লাখ টাকা

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালন বাজেটের আওতায় কুড়িগ্রাম সরকারি কলেজের অবকাঠামোগত মেরামত ও সংস্কার কাজের জন্য ১২৬ লাখ (১ কোটি ২৬ লাখ) টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।

প্রাপ্ত বরাদ্দের প্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে প্রক্রিয়ায় দরপত্র আহ্বানের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা প্রধান কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ডেস্ক-১) মোঃ মেহেদী ইকবাল স্বাক্ষরিত চিঠিতে কাজের তালিকা ও শর্তাবলী সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের আর্থিক ক্ষমতা পুনর্বণ্টন নীতি এবং সর্বশেষ পিডব্লিউডি (PWD) রেট শিডিউল অনুসরণ করে প্রাক্কলন প্রস্তুতপূর্বক ই-জিপির এলটিএম (LTM) পদ্ধতিতে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ বাস্তবায়নে কোনো প্রকার গাফিলতি হলে সংশ্লিষ্ট প্রকৌশলীকে দায়ভার বহন করতে হবে বলেও সতর্ক করা হয়। অধিদপ্তরের নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, কলেজের বস্তুগত প্রয়োজনীয়তা বিবেচনা করে কাজের অগ্রাধিকার নির্ধারণ করতে হবে এবং বিশেষ প্রয়োজনে কাজের ধরন পরিবর্তন করতে হলে প্রধান কার্যালয়ের পূর্বানুমোদন গ্রহণ আবশ্যক

কুড়িগ্রাম সরকারি কলেজের প্রশাসনিক ভবনসহ প্রয়োজনীয় মেরামত ও সংস্কার কাজের জন্য কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডলের একনিষ্ঠ প্রচেষ্টায় অতি স্বল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা সম্ভব হয়েছে। বরাদ্দকৃত অর্থ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে যথাযথ টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করে কাজগুলো বাস্তবায়ন করা হবে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *