চিলমারীর ৮৪টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ও শ্রেণিকক্ষে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কুড়িগ্রামের চিলমারী উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এসব প্রজেক্টর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সবুজ কুমার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব কামরুজ্জামান খাজা।

ইউএনও নিজেই প্রত্যেক বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে মাল্টিমিডিয়া প্রজেক্টরগুলো হস্তান্তর করেন। এই উদ্যোগে প্রতিটি বিদ্যালয়কে একটি করে প্রজেক্টর প্রদান করা হয়, যা পাঠদানের আধুনিকায়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ সময় ইউএনও সবুজ কুমার বলেন, “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাকে ডিজিটালাইজ করাই আমাদের লক্ষ্য। শিশুদের মধ্যে শেখার আগ্রহ বাড়াতে এবং শ্রেণিকক্ষে শিক্ষাকে আরও আকর্ষণীয় করে তুলতেই এই উদ্যোগ।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান খাজা জানান, “প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক যেন মাল্টিমিডিয়ার সর্বোত্তম ব্যবহার করতে পারেন, সেজন্য প্রশিক্ষণও দেওয়া হবে।”

বিদ্যালয়প্রধান, সহকারী শিক্ষক ও বিভিন্ন বিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে সরল অথচ অর্থবহ এই বিতরণ কার্যক্রমে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করা হয়।

এই কার্যক্রমকে ঘিরে শিক্ষকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ এবং আগ্রহ, যা ভবিষ্যতে শিক্ষার পরিবেশকে আরও উন্নত করতে সহায়ক হবে বলে মনে করছেন অভিভাবক ও স্থানীয়রা।

Share With