কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় ভূয়া পরীক্ষার্থী ও দালাল চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম পুলিশ লাইন্স এলাকা ও আশপাশ থেকে তাদের আটক করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান নিয়োগ পরীক্ষার মাঠ পর্যায়ে বুধবার দুপুর পর্যন্ত প্রায় দুই হাজার প্রার্থী অংশ নেন। এ সময় পুলিশ লাইন্স গেটের বাইরে নিয়োগের আশ্বাস দিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করছিল একটি দালাল চক্র। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ভূয়া কাগজপত্রসহ দালাল চক্রের তিন সদস্যকে আটক করে।
এছাড়া মাঠ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন, জাল কাগজপত্র ব্যবহার ও নিয়োগ কমিটির স্বাক্ষর জাল করার অভিযোগে দুই পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের নুরনবী ইসলাম (১৮), বল্লভেরখাস ইউনিয়নের হজরত আলী (৪৮), গাইবান্ধার ফুলছড়ির সোলায়মান মিয়া (৫০), রাজারহাটের নাহিদ মিয়া (১৯) এবং ফুলবাড়ীর রাকিবুল হাসান রাকিব (১৯)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি ওসি বজলার রহমান বলেন, “নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় আমরা পাঁচজনকে গ্রেফতার করেছি। কুড়িগ্রাম জেলায় শতভাগ সচ্ছতার সঙ্গে নিয়োগ কার্যক্রম পরিচালনা হচ্ছে এবং সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।”
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশ কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে বলে জানান তিনি।