কুড়িগ্রামে রাতে দুর্বৃত্তদের তাণ্ডব: নারীদের শ্লীলতাহানির চেষ্টা, আতঙ্কে স্থানীয়রা

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ, ভোগডাঙ্গা ও আশপাশের এলাকায় সম্প্রতি একের পর এক রাতের আঁধারে দুর্বৃত্তদের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তরা গভীর রাতে মানুষের ঘরে ঢুকে জিম্মি করে নারীদের শ্লীলতাহানির চেষ্টা চালাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, খাওয়া-দাওয়া শেষে রাত আনুমানিক ২টার দিকে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দরজা ভেঙে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে আমার গলায় ছুরি ধরে। আমি চিৎকার শুরু করলে তারা দৌড়ে পালিয়ে যায়। মুখে কালো মাস্ক থাকার কারণে কাউকে চিনতে পারিনি।

এলাকার আরও কয়েকজন জানান, গত কিছুদিন ধরে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার গুঞ্জন শোনা গেলেও শুরুতে অনেকেই বিষয়টি বিশ্বাস করতে চাননি। কিন্তু সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয় তবে বড় ধরনের অঘটন ঘটতে পারে।

ভোগডাঙ্গার এক বাসিন্দা জানান, প্রায়ই এখন এই ধরনের ঘটনার খবর শুনতে হচ্ছে। আমরা সবাই খুব আতঙ্কে আছি। রাত জেগে পাহারা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ করেছেন।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।

Share With