কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন করার দায়ে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, উপজেলার গছিডাঙ্গা এলাকার সোনাহাট রোডে অবস্থিত কুমিল্লা বেকারী বিএসটিআইয়ের সিএম (স্ট্যান্ডার্ড মার্ক) লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই উৎপাদন করছে। এ অপরাধে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন। এ সময় প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার খন্দকার জামিনুর রহমান। অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক আলমাস মিয়া।
বিএসটিআই পরিদর্শক আলমাস মিয়া জানান, জনস্বার্থে মানহীন ও লাইসেন্সবিহীন পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।