কুড়িগ্রামে ৭ দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি

কুড়িগ্রামে গত এক সপ্তাহে সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ২ কোটি ১১ লাখ ৬ হাজার ৩৫০ টাকার মাদকসহ বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ এবং ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম বিজিবির ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি। এর আগে গত ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে এসব মাদক ও চোরাচালান জব্দ করা হয়।

আটককৃতরা হলেন জেলার ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাশজানি গ্রামের বাচ্চু রহমানের ছেলে মমিনুল ইসলাম (২৪) এবং একই উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে মো. হুমায়ুন কবির (২০)।

বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে—ভারতীয় গবাদি পশু (গরু ও মহিষ) ১২৫টি, ভারতীয় মদ ৬৩৫ বোতল, গাঁজা ১৪৫ কেজি, ইয়াবা ট্যাবলেট ৭৭২ পিস, জিরা ৫৫৯ কেজি, চিনি ১৯০ কেজি, কমপ্লিট ড্রেস ৪৯৬ পিস, ভারতীয় ৭৯ হাজার রুপি, চকলেট বাজি ৪৫ হাজার ১৫০ পিস এবং বিভিন্ন প্রকার কসমেটিকস আইটেম (ক্রিম, তেল, শ্যাম্পু)।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি জানান, সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে।

Share With