কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৬ কেজি পলিথিন জব্দ ও দুই ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের উদ্যোগে ভূরুঙ্গামারী উপজেলার মধ্যবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গের অপরাধে দুটি দোকানে অভিযান চালিয়ে আনুমানিক ৩৬ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং সতর্কতামূলক ১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র। প্রসিকিউশনে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।
অভিযান চলাকালে পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পলিথিনের উৎপাদন ও ব্যবহার বন্ধে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।