কুড়িগ্রামে ভুট্টা চাষে হাসি ফুটেছে মাঠে, বাজারে ন্যায্য দামের দাবি কৃষকের

কুড়িগ্রামে গত বছরের তুলনায় চলতি মৌসুমে  উল্লেখযোগ্য হারে বেড়েছে ভুট্টার আবাদ। অনুকূল আবহাওয়া ও জমির উপযোগী পরিবেশ থাকায় এ বছর বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। বিশেষ করে জেলার চরাঞ্চলগুলোতে সবচেয়ে বেশি জমিতে ভুট্টা চাষ ফলন ভালো হয়েছে।

কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, এ বছর ভুট্টা জেলায় চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬ হাজার ২০০ হেক্টর জমিতে। তবে অর্জিত হয়েছে ১৯ হাজার ২০০ হেক্টর জমিতে। যা গতবছরের তুলনায় প্রায় ১ হাজার হেক্টর বেশি।

সরেজমিনে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সবুজে ভরা বিস্তীর্ণ ভুট্টাক্ষেতে এখন কাটাকাটি ও মাড়াইয়ের ধুম লেগেছে। কৃষকরা ব্যস্ত সময় পার করছেন ফসল ঘরে তুলতে।

কৃষিকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ভুট্টার ফলন অনেক ভালো হয়েছে। প্রতি বিঘা জমিতে প্রায় ৩৫ থেকে ৩৬ মণ পর্যন্ত ফলন পাওয়ার আশা করছেন তারা। তবে ভালো ফলনের পাশাপাশি বাজারে ন্যায্য দাম পাওয়া নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে।

সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের সবুজ পাড়া এরাকার কৃষক নবির হোসেন বলেন, এইবার ফলন অনেক ভালো হইছে। প্রতি বিঘায় ৩৫-৩৬ মণ পর্যন্ত হবে আশা করছি। এখন যদি বাজারে ভালো দাম পাই, তাহলে লাভও ভালো হবে।

ওই এলাকার ভুট্রা চাষী শহিদুল ইসলাম বলেন, বাজারে সঠিক দাম পেলে আমাদের পরিশ্রম সার্থক হবে এবং আগামীতে আরও বেশি জমিতে ভুট্টা চাষ করবো।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, ভুট্টা চাষে অন্যান্য ফসলের তুলনায় খরচ কম হলেও উৎপাদন বেশি হওয়ায় কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। ফলে প্রতি বছরই ভুট্টার আবাদ বৃদ্ধি পাচ্ছে এ অঞ্চলে।

Share With