আগামী ০২ জুলাই, ২০২৬ তারিখ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে চলতি বছরের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি) ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা। কুড়িগ্রাম জেলায় এই পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
গতকাল ৩০ জুন, ২০২৬ খ্রি. (১৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ) কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়। কুড়িগ্রামের জেলা প্রশাসক অমরপূর্ণা দেবনাথ স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে আজ ০১ জুলাই, ২০২৬ তারিখ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত জেলার সকল কোচিং সেন্টার সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।
এছাড়া পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্র ও ভেন্যুর ৪০০ গজের মধ্যে সকল প্রকার ফটোকপি মেশিন ও ফটোকপির দোকান বন্ধ রাখার সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইতিমধ্যে এই আদেশের অনুলিপি দিনাপুরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক/সচিব, কুড়িগ্রামের পুলিশ সুপার, সিভিল সার্জন এবং জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।