কুড়িগ্রাম সরকারি কলেজ পরিবার পেল একজন সুযোগ্য উপাধ্যক্ষ


কুড়িগ্রাম জেলার সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম সরকারি কলেজ। এটি শুধু কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি উত্তরবঙ্গের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মধ্যে অন্যতম। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের একটি আদেশের মাধ্যমে ড. মো: সাইফুর রহমান সরকার (অধ্যাপক , রসায়ন)-কে কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। নতুন পদায়নপ্রাপ্ত উপাধ্যক্ষ স্যার সবার প্রিয় রসায়নের সাইফুর স্যার নামে সুপরিচিত।

তিনি শিক্ষার্থীদের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন শত ব্যস্ততার মধ্যেও। সদা হাস্যজ্জল অথচ দৃঢ়চেতা ব্যক্তিত্ব তিনি। শিক্ষার্থীদের একাডেমিক বা প্রশাসনিক যেকোনো সমস্যা তিনি আন্তরিকতার সাথে সমাধান করে থাকেন। তারা নিজ জেলা কুড়িগ্রাম। তার জন্ম ১৯৭২ সালে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বামনাছড়া গ্রামে।

তবে তিনি বর্তমানে কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জ এলাকায় নিজ বাড়িতে বসবাস করেন। তাঁর স্ত্রী শাহানারা বেগম শিউলি উলিপুর উপজেলার গুনাইগাছ ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। তাঁর রয়েছে এক বর্ণাঢ্য শিক্ষা জীবন এবং সুনামের সঙ্গে শিক্ষকতার অত্যুজ্জ্বল ইতিহাস। তিনি ১৯৮৭ সালে উলিপুর উপজেলার উমানন্দ উচ্চ বিদ্যালয় হতে উলিপুর কেন্দ্রে প্রথম স্থান অধিকার করে প্রথম বিভাগ পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯৮৯ সালে সরকারি কারমাইকেল কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ হতে ১৯৯২ সালে বিএসসি অনার্স (অনুষ্ঠিত-১৯৯৬ সাল) এবং ১৯৯৩ সালে এমএস-সি (অনুষ্ঠিত-১৯৯৮ সাল) ডিগ্রি লাভ করেন। তিনি এমএস-সি পরীক্ষায় প্রথম শ্রেণীতে পঞ্চম স্থান অধিকার করেন।


তিনি ২০০০ সাল হতে ২০০৩ সাল পর্যন্ত রূপালী ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২২-তম বিসিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে ২০০৩ সালে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে যোগদান করেন। তিনি ২০০৯ সালে সহকারি অধ্যাপক (রসায়ন) পদে পদোন্নতি লাভ করেন। ২০১১ সালে তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ফেলোশিপ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগে পিএইচডি গবেষণা কোর্স শুরু করেন।

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তিনি তিন বছরের জন্য প্রেষণ লাভ করেন এবং নির্ধারিত তিন বছরের পূর্বেই তার পিএইচডি গবেষণাকার্য সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাঁকে ২০১৫ সালে পিএইচডি ডিগ্রী প্রদান করা হয়। পিএইচডি কোর্স সম্পন্ন করার পর তিনি ২০১৫ সালে কুড়িগ্রাম সরকারি কলেজের রসায়ন বিভাগে যোগদান করেন। ইন্ডিয়া, চায়না সহ ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি আন্তর্জাতিক জার্নালে তার গবেষণাপত্র প্রকাশিত হয়।

তিনি ২০১৮ সালে সহযোগী অধ্যাপক (রসায়ন) পদে পদোন্নতি লাভ করেন। তিনি রসায়ন বিভাগের একজন স্বনামধন্য শিক্ষক হিসেবে রসায়ন শিক্ষায় অনবদ্য অবদান রাখেন। তিনি ২০১৮ এবং ২০১৯ খ্রিস্টাব্দে নটিংহাম ইউনিভার্সিটি মালয়েশিয়া ক্যাম্পাসে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণের সুযোগ পান এবং দুই দফায় শিক্ষা বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ২০২৪ সালে অধ্যাপক (রসায়ন) পদে পদোন্নতি লাভ করেন।

সম্প্রতি কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে পদায়নপ্রাপ্ত হয়েছেন। উপাধ্যক্ষ পদে পদায়ন প্রাপ্তিকে শিক্ষার্থীগণ অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করে। তিনি কুড়িগ্রাম সরকারি কলেজকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি তার পরিকল্পনা ও প্রত্যয় মোতাবেক কুড়িগ্রাম সরকারি কলেজ কে একটি বিশেষ ও আদর্শ কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন। শিক্ষার্থীগণ তাকে উপাধ্যক্ষ হিসেবে পেয়ে কুড়িগ্রাম সরকারি কলেজকে সুউচ্চ অবস্থানে দেখার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছে।

তৃণমূলের সাথে কথা বলার সময় তিনি তাঁর সমস্ত জীবনের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে কুড়িগ্রামের মানুষের শিক্ষার কাজে বায় করতে চান।

Share With