আগামীকাল কুড়িগ্রামের যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

কুড়িগ্রাম শহরসহ জেলার নেসকোর আওতাধীন সব এলাকায় শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নেসকো কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি (৩৩ হাজার ভোল্ট) বৈদ্যুতিক সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের সার্কিট হাউজ, বিজিবি, মোগলবাসা ও মেডিকেলসহ বিভিন্ন ১১ কেভি বৈদ্যুতিক বিতরণ লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন করা হবে। এ কাজ সম্পন্ন করার লক্ষ্যে বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো, কুড়িগ্রামের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

নেসকো কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ লাইনে কাজ করা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঝড়-বৃষ্টিতে গাছের ডালপালা ভেঙে বিদ্যুৎ বিভ্রাট ও দুর্ঘটনা রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতেই এ কার্যক্রম পরিচালনা করা হবে।

বিজ্ঞপ্তিতে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে নেসকো কর্তৃপক্ষ।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *