ঈদুল আজহায় ধরলা পাড়ে দর্শনার্থীদের ভিড়

পবিত্র ঈদুল আজহার দিনে কুড়িগ্রামের ধরলা নদীর তীর ও ধরলা সেতু এলাকায় মানুষের উপচে পড়া ভিড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। জেলার অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকাটি দিনভর দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

ঈদের নামাজ শেষে সকাল থেকেই ধরলা সেতু ও আশপাশের নদী রক্ষা বাঁধ এলাকায় বাড়তে থাকে মানুষের সমাগম। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়ে, আর সন্ধ্যার পর তা রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষদের পাশাপাশি অনেকেই সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ ভাগ করে নিতে ব্যস্ত ছিলেন।

নদীর নির্মল বাতাস, মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং খোলামেলা পরিবেশ দর্শনার্থীদের আকৃষ্ট করে। কেউ কেউ মোটরসাইকেলে চড়ে টি-বাঁধ এলাকায় ঘুরে বেড়িয়েছেন, আবার অনেকে নদীর পাড়ে বসে সময় কাটিয়েছেন আপনজনদের সঙ্গে।

রাজারহাট থেকে আসা কহিনুর বেগম (৫৩) বলেন, “প্রতিবছরই পরিবার নিয়ে এখানে আসি। এবার নিরাপত্তা ব্যবস্থা আগের তুলনায় ভালো মনে হয়েছে। এটি আমাদের জন্য একটি সুন্দর বিনোদনের জায়গা।”

সাদিয়া আক্তার (১৫) জানায়, “আম্মুর সঙ্গে ধরলা পাড়ে বেড়াতে এসেছি। এখানে এসে সেলফি তুলেছি, ফুচকা খেয়েছি—খুব ভালো লাগছে।”

স্থানীয়দের পাশাপাশি ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফেরা অনেকেই প্রিয় ধরলা নদীর পাড়ে এসে আনন্দ ভাগ করে নিয়েছেন। দূরদূরান্ত থেকে পর্যটক তুলনামূলক কম এলেও স্থানীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Share With