কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে একমাত্র কলেজ মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকাল ১১টায় বজরা এল.কে. আমিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থী, স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসী।
মানববন্ধন উপলক্ষে কলেজের পার্শ্ববর্তী বজরা বাজার সড়কে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে কলেজ মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ যোগ দেন।
বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে পদক্ষেপ নিলে মাঠ অক্ষত রেখেই নতুন ভবন নির্মাণ করা সম্ভব। কিন্তু মাঠের জায়গা নষ্ট করে ভবন নির্মাণ করলে শিক্ষার্থী ও স্থানীয় তরুণদের খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ নষ্ট হবে। এতে তরুণ প্রজন্ম খেলাধুলা থেকে বিমুখ হয়ে মাদকাসক্তি, ইভটিজিংসহ নানা অপরাধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
বজরা এল.কে. আমিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবাইদুর রহমান বুলবুল মানববন্ধনে সংহতি জানিয়ে বলেন, “আমি ব্যক্তিগতভাবে মাঠ রক্ষার পক্ষে। মাঠ অক্ষত রেখে নতুন ভবন নির্মাণের জন্য শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবো।”
বক্তারা আরও জানান, দীর্ঘদিন ধরে বজরা ইউনিয়নের একমাত্র খেলার মাঠ হিসেবে কলেজ মাঠ ব্যবহার হয়ে আসছে। স্থানীয় ক্রীড়া সংগঠন ‘বজরা ক্রীড়াচক্র’ এ মাঠে নিয়মিত ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে থাকে, যেখানে পার্শ্ববর্তী উপজেলার দলগুলোও অংশ নেয়। এছাড়াও আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা ও অন্যান্য ক্রীড়া ইভেন্টে মাঠটি স্থানীয় ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এমন প্রেক্ষাপটে মাঠের জায়গায় ভবন নির্মাণের উদ্যোগে ক্ষোভ ছড়িয়ে পড়েছে শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ ও সাধারণ মানুষের মধ্যে। তারা পরিষ্কারভাবে দাবি জানিয়েছেন— শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন যেমন প্রয়োজন, তেমনি মাঠও অক্ষত রাখতে হবে।