উলিপুরে জাতীয় পার্টির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় পার্টির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) বেলা ১২টায় উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিবের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় নবনির্বাচিত কমিটির সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরে দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনবান্ধব রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন কৌশল ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এবং দলদলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ (মিন্টু) মন্ডল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব, কুড়িগ্রাম-৩ আসনের জাতীয় পার্টি সমর্থিত এমপি পদপ্রার্থী, দৈনিক বায়ান্নর আলো পত্রিকার প্রকাশক এবং সাফা গ্রুপের চেয়ারম্যান মোঃ আব্দুস সোবহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামশ্রেণী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একরামুল হক মানিক। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শারমিন আক্তার, সাংবাদিক আব্দুল মান্নানসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ।

বিভিন্ন ইউনিয়নের নেতারা বক্তব্যে উল্লেখ করেন, জাতীয় পার্টির সকল নেতা-কর্মীকে সংগঠনের স্বার্থে নিবেদিতভাবে কাজ করতে হবে এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দলকে আরও এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এতে তৃণমূল পর্যায়ে দলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে।

সভা শেষে দলদলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সিকে আহ্বায়ক এবং সাফা গ্রুপের চেয়ারম্যান মোঃ আব্দুস সোবহানকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট উলিপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

Share With