কুড়িগ্রামের উলিপুর উপজেলার যমুনা ব্যাপারী পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানান সাজে সজ্জিত বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক ও অভিভাবকরা।
এ সময় করতালির মধ্য দিয়ে বিদায়ীদের অভিবাদন জানানো হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. মঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলিপুর উপজেলা ইনস্ট্রাক্টর লস্কর আলী, বিদায়ী ছাত্রী আফিয়া জান্নাত, অভিভাবক ইদ্রিস আলী, খাদিজা বেগম, আবেদ আলী, সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকার, গোড়াই রঘুরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেয়ামুল হক এবং বিদ্যালয়ের জমিদাতা মোহাম্মদ আলী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সাপিনা নুর জান্নাতি।সভা শেষে প্রধান শিক্ষক মঞ্জুয়ারা বেগম সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করেন এবং বিদায়ী শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা, আবৃত্তি, নাচ ও গান পরিবেশন করে। পরবর্তীতে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।পুরো অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেবেকা বেগম ও দেবী নিতি রানী। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।