কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বিষয়ে ইউনিয়ন পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) উপজেলার হাতিয়া ও গুনাইগাছ ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
ইউএনডিপি’র অর্থায়ন এবং হাঙ্গার প্রজেক্টের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন—হাঙ্গার প্রজেক্টের প্রশিক্ষক সুখময় পাল, রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে, হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামছুল হক, ইউপি সচিব হারুন অর রশিদ, ইউপি সদস্য আব্দুর রব রানু, আব্দুল রাজ্জাক, সংরক্ষিত আসনের নারী সদস্য ইতি বেগম, গুনাইগাছ ইউনিয়নের নারী সদস্য আলেয়া বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা নকুল কুমার এবং উপজেলা সমন্বয়কারী খন্দকার রাশেদুল আনম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা অত্যন্ত জরুরি। এ ধরনের অবহিতকরণ সভার মাধ্যমে ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি ও কর্মকর্তারা সরাসরি ধারণা লাভ করছেন, যা ভবিষ্যতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সহায়ক হবে।
উল্লেখ্য, ইউএনডিপি’র অর্থায়নে এবং হাঙ্গার প্রজেক্টের বাস্তবায়নে খুলনার ডুমুরিয়া ও কুড়িগ্রামের উলিপুর উপজেলায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে প্রি-পাইলটিং প্রকল্প বর্তমানে চলমান রয়েছে।