আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসের দিনে কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটতে বসেছিল।
মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে হাসপাতালের দ্বিতীয় তলায় ছাদের পলেস্তারা খসে পড়লে অল্পের জন্য প্রাণে বেঁচে যান এক শিশু ও তার বাবা।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বামনের হাট এলাকার আইরিন বেগম নামের এক রোগীকে দেখতে তার স্বামী ও সন্তান হাসপাতালে আসেন। তারা দ্বিতীয় তলায় উঠতেই হঠাৎ ছাদের একটি অংশ ভেঙে পড়ে। এতে বাবা ও মেয়ে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান।
ঘটনার পর হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে অবস্থানরত রোগী ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দেয়।
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. তানজিরুল ইসলাম জানান, ভবনটি দ্রুত পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ না করা হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।