একদিনের ব্যবধানে ফিরে পেল তাজুর ১ মিলিয়ন ফলোয়ারের পেজ

কুড়িগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সহজ-সরল তরুণ তাইজুল ইসলাম তাজুকে ঘিরে নতুন মোড় নিয়েছে আলোচনা। হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া তার ১ মিলিয়ন ফলোয়ার সমৃদ্ধ ফেসবুক পেজটি আবারও ফিরে পাওয়ার খবর নিশ্চিত হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল পর্যন্ত পেজটি খুঁজে পাওয়া না যাওয়ায় ভক্ত-অনুসারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। অনেকেই ধারণা করেছিলেন, পেজটি হয়তো হ্যাক হয়েছে বা কোনো কারণে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আজ পেজটি পুনরুদ্ধার হওয়ায় সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে।

হঠাৎ জনপ্রিয়তা পাওয়া তাজুর জীবনে এই খ্যাতি যেমন দ্রুত পরিচিতি এনে দিয়েছে, তেমনি তৈরি করেছে নানা চাপ ও বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে অতিরিক্ত আলোচনা-সমালোচনা এবং ভিউ-নির্ভর কনটেন্ট তৈরির প্রবণতা তার জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয়দের অভিযোগ, কিছু কনটেন্ট ক্রিয়েটর তাজুর সরলতাকে পুঁজি করে নানা ধরনের ভিডিও ও পোস্ট তৈরি করেছেন, যা তার ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ কারণে ভবিষ্যতে এ ধরনের বিষয়গুলোতে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন অনেকে।

এদিকে পেজটি ফিরে পাওয়ার ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন তাজুর ভক্তরা। পাশাপাশি তার সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য দোয়া কামনা করেছেন এলাকাবাসী।

Share With