কুড়িগ্রামের চার আসনের ফল ঘোষণা হবে ডিসি কার্যালয়ের নির্বাচনি কেন্দ্র থেকে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামে আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার) ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ চলবে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ৯ জানুয়ারি ২০২৬ তারিখের পরিপত্র (১৭) অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটগ্রহণ শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নির্বাচনি ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ খোলা হবে।

ভোটগ্রহণ সমাপনান্তে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসন— কুড়িগ্রাম-১ (২৫), কুড়িগ্রাম-২ (২৬), কুড়িগ্রাম-৩ (২৭) ও কুড়িগ্রাম-৪ (২৮)—এর সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রাথমিক বেসরকারি ফলাফল প্রাপ্তির সঙ্গে সঙ্গে উক্ত কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

তবে নির্বাচন কর্মকর্তারা জানান, কেন্দ্রীয়ভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করা হলেও প্রতিটি ভোটকেন্দ্রে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার নিজ নিজ কেন্দ্রের ফলাফল ঘোষণা করবেন এবং সেই ফলাফলের একটি কপি ভোটকেন্দ্রে টাঙিয়ে দেওয়া হবে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত সকল তথ্য নিশ্চিত করা হয়েছে।

Share With