কুড়িগ্রামের ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৫৫ কেজির বাঘাইড়, সম্ভাব্য দাম ৮৫ হাজার টাকা

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে ধরা পড়েছে ৫৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘাইড় মাছ। বিরল আকারের এই মাছটি স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রবিবার (২১ জুন) ভোরে কুড়িগ্রাম সদর উপজেলার অনন্তপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে জেলে বকুল চন্দ্র ও তার সহযোগীরা মাছটি ধরতে সক্ষম হন। রাতভর মাছ ধরার পর সকালে জালে উঠে আসে বিশাল আকৃতির এই বাঘাইড়।

পরে মাছটি জেলেদের কাছ থেকে কিনে নেন স্থানীয় স্কুল শিক্ষক মো. সাজেদুল ইসলাম সাজু। তিনি জানান, প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করলে মাছটির মোট মূল্য দাঁড়াবে প্রায় ৮৫ হাজার টাকা।

তিনি আরও বলেন, “এত বড় মাছ একসঙ্গে ব্যবহার করা সম্ভব নয়। তাই কেজি হিসেবে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে ব্রহ্মপুত্র নদে বড় আকারের মাছের বিচরণ বেড়েছে। এরই ধারাবাহিকতায় জেলেদের জালে ধরা পড়েছে এই বিশাল বাঘাইড়।

এদিকে মাছটি ধরা পড়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সেটি এক নজর দেখতে শিক্ষক সাজুর বাড়িতে ভিড় করেন আশপাশের উৎসুক মানুষজন। অনেককে মাছটির সঙ্গে ছবি তুলতেও দেখা যায়।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ বলেন, “বর্ষা মৌসুমে নদ-নদীতে নতুন পানি প্রবেশ করায় মাছের চলাচল বৃদ্ধি পায়। ব্রহ্মপুত্র নদে ৫৫ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়া ইতিবাচক দিক। নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ সংরক্ষণে মৎস্য বিভাগ নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”

Share With