কুড়িগ্রামের রুজিনা চার মাস নিখোঁজ, ভারতে মিললো খোঁজ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার গোবর্ধন আবাসন এলাকার গৃহবধূ মোছাঃ রুজিনা বেগম নিখোঁজ হওয়ার চার মাস পর ভারতের এক স্থানে জীবিত অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ হওয়ার পর এতদিন ধরে কোনো খোঁজ না পেয়ে পরিবার চরম উদ্বেগে ছিল।

রুজিনা বেগম রাজারহাট উপজেলার দিনমজুর মোঃ আশরাফুল ইসলামের স্ত্রী। তাদের নয় বছরের একটি সন্তান রয়েছে।

আশরাফুল ইসলাম জানান, “আমাদের সংসারে কোনো সমস্যা ছিল না। হঠাৎ করেই স্ত্রী নিখোঁজ হয়ে যায়। কীভাবে সে ভারতে গেলো, তা এখনও আমার কল্পনার বাইরে।”

তিনি আরও বলেন, “সম্প্রতি একটি অজানা ভারতীয় নম্বর থেকে ফোন আসে। ওপাশ থেকে আমার স্ত্রী রুজিনা জানায়, তাকে ভারতে নিয়ে আসা হয়েছে।”

রুজিনার বাবার বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কলেজ মোড় এলাকায়। তবে নিখোঁজ হওয়ার পরও কোনো লিখিত অভিযোগ থানায় করা হয়নি বলে জানা গেছে।

রুজিনার স্বামী আশরাফুল ইসলামের আশঙ্কা, “আমার স্ত্রীকে ফুলবাড়ী গঙ্গারহাট সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হয়ে থাকতে পারে।” তিনি সরকারের প্রতি আবেদন জানিয়ে বলেন, “আমি গরিব মানুষ, কিছুই করতে পারছি না। সরকার যদি আমার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনে, সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।”

এ বিষয়ে রাজারহাট থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, “পরিবার থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, রুজিনা নিখোঁজ হওয়ার পর থেকেই তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত আন্তঃদেশীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হোক, যেন রুজিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

Share With