কুড়িগ্রামের অসহায় ও প্রতিবন্ধী শিশুদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলল ‘গার্ডিয়ান ঈদ মার্কেট’। নতুন পোশাক পাওয়ার সুযোগ পেয়ে শিশুদের চোখেমুখে ফুটে ওঠে উচ্ছ্বাস ও খুশির ঝিলিক।
শুক্রবার (১৩ মার্চ) হলোখানা ইউনিয়নের শোভার কুটি গ্রামে কুড়িগ্রাম বিশেষ বিদ্যালয়ের সামনে এই ব্যতিক্রমী মানবিক আয়োজন করা হয়। গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেডের সহযোগিতায় ‘বি ওয়াই ও ইয়ুথ অর্গানাইজেশন’ প্রায় তিন শতাধিক অসহায় ও প্রতিবন্ধী শিশুকে নতুন পোশাক বিতরণ করে।
ছেলে শিশুদের জন্য শার্ট, টি-শার্ট ও পাঞ্জাবি, এবং মেয়ে শিশুদের জন্য ফ্রক ও কামিজসহ নানা ধরনের পোশাক সাজিয়ে রাখা হয়। শিশুরা নিজের পছন্দমতো পোশাক বেছে নিয়ে আনন্দে মেতেছে।
সংগঠন সূত্রে জানা গেছে, এক মাস আগে এলাকায় একটি জরিপ পরিচালনা করা হয়েছিল, যাতে অসচ্ছল ও প্রতিবন্ধী শিশুদের প্রয়োজন চিহ্নিত করা যায়। সেই অনুযায়ী পোশাক সংগ্রহ করা হয়েছে এবং অতিরিক্ত পোশাক রাখা হয়েছে যাতে আরও বেশি শিশু উপকৃত হতে পারে।‘
বি ওয়াই ও ইয়ুথ অর্গানাইজেশনের’ ফাউন্ডার জিহাদ আকন্দ জানিয়েছেন, এই উদ্যোগ সার্বিক সহযোগিতা করেছে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড। এই পোশাক বিতরণ কার্যক্রম দেশজুড়ে পর্যায়ক্রমে সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে, এবারের ঈদের আগে এক হাজার শিশুকে নতুন পোশাক দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আয়োজকদের মানবিক উদ্যোগ স্থানীয়দেরও মুগ্ধ করেছে, এবং শিশুদের হাসি-উচ্ছ্বাসই এ উদ্যোগের সবচেয়ে বড় পুরস্কার হয়ে দাঁড়িয়েছে।