কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কমতে থাকায় শীতের তীব্রতা বেড়েছে। হিমেল বাতাসে জবুথবু হয়ে পড়েছে জনজীবন।
এ অবস্থায় চরম অস্বস্তিতে পড়েছে সাধারণ মানুষ।বিপাকে পড়েছেন কৃষিশ্রমিকরা। ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডা উপেক্ষা করেই মাঠে কাজ করতে হচ্ছে তাদের।
দিনের বেলায় সূর্যের তাপ না থাকায় হিমেল বাতাসে শীত আরও বেশি অনুভূত হচ্ছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত চারদিক ঘন কুয়াশায় ঢেকে থাকছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। গতকাল এ তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস।
শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যাও। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত এক সপ্তাহ ধরে এই অঞ্চলের তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।