কুড়িগ্রামে অনুষ্ঠিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে ভুরুঙ্গামারী সরকারি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নাগেশ্বরী সরকারি কলেজকে টাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে ভুরুঙ্গামারী সরকারি কলেজ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকায় ম্যাচের ফলাফল নির্ধারণে গড়ায় টাইব্রেকার।
টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় লোকমান হোসেন। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন নাগেশ্বরী সরকারি কলেজের বদরুল ইসলাম।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-এ-খুদা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় জেলা ক্রীড়া অফিস, কুড়িগ্রামের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার মোট ১২টি কলেজ অংশগ্রহণ করে।