কুড়িগ্রামে ইত্যাদির শুটিং, দর্শকদের থাকতে হবে টানা আট ঘণ্টা

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র নতুন পর্বের মূল মঞ্চ অংশের শুটিং অনুষ্ঠিত হতে যাচ্ছে কুড়িগ্রামের উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে। অনুষ্ঠানটি নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ।

সাধারণত ‘ইত্যাদি’র প্রতিটি পর্বের সময়কাল হয় ৬০ থেকে ৮০ মিনিট। এর মধ্যে মূল মঞ্চ অংশে থাকে আলোচনা, মঞ্চ নাটিকা, গান ও দর্শক অংশগ্রহণ, যার সময় প্রায় ২০ থেকে ৩০ মিনিট। বাকি অংশে প্রচারিত হয় বাহিরে ধারণকৃত অংশ—যেমন রিপোর্ট, ভ্রমণ, বাই-শট বা অন্যান্য পরিবেশনা—যার সময়কাল প্রায় ৪০ থেকে ৫০ মিনিট।

উলিপুরের এবারের পর্বে মূল মঞ্চ অংশের শুটিং হবে এমএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এই শুটিং চলবে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত, অর্থাৎ টানা ছয় ঘণ্টা। তবে টেলিভিশনে প্রচারিত হবে এই অংশের মাত্র ২০ থেকে ৩০ মিনিটের সংক্ষিপ্ত পর্ব।

শুটিংয়ে দর্শক হিসেবে প্রবেশের জন্য দর্শকদের পাসকার্ড থাকতে হবে। যারা পাসকার্ড পাবেন, তাদের শুটিং শুরু হওয়ার অন্তত এক ঘণ্টা আগে মঞ্চে প্রবেশ করতে হবে এবং শুটিং শেষে প্রায় এক ঘণ্টা পর বের হতে পারবেন। ফলে মোট প্রায় আট ঘণ্টা দর্শকদের সেখানে অবস্থান করতে হবে।

পূর্ববর্তী পর্বের অভিজ্ঞতা অনুযায়ী, শুটিং চলাকালে দর্শকদের মঞ্চ এলাকা ত্যাগ, খাবার গ্রহণ বা পানি পান করা নিষিদ্ধ থাকে। তাই দর্শকদের আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে প্রবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।

‘ইত্যাদি’র এক পূর্ববর্তী দর্শক তার অভিজ্ঞতা জানিয়ে বলেন,

“দর্শক হিসেবে মূল স্টেজে থাকতে হলে প্রায় ৮ ঘণ্টা পানাহার ছাড়া বসে থাকার ধৈর্য থাকতে হয়। টিভিতে ‘ইত্যাদি’ দেখে যতটা আনন্দ পাওয়া যায়, দর্শক হিসেবে সেই আনন্দ পাওয়া যায় না। তবে মূল স্টেজে উপস্থিত থেকে অংশ নেওয়ার মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি পাওয়া যায়।”

উলিপুরের মানুষের জন্য এটি নিঃসন্দেহে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’-র ক্যামেরায় ধরা পড়বে উলিপুরের মাটি ও মানুষ, যা প্রচারের মাধ্যমে সারাদেশে পৌঁছে যাবে তাদের গল্প ও সংস্কৃতি।

Share With