আজ শুক্রবার (১৪ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে ইসলামী সমমনা ৮ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটসহ ৫ দফা দাবিতে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বর থেকে শুরু হয়ে শাপলা চত্বর অতিক্রম করে ঘোষপাড়ায় গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশের আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মু. শাহজালাল সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা সহ-সভাপতি ও হাতপাখা প্রতীকের কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর বখত মিয়া এবং খেলাফত মজলিস জেলা আমীর শবেবর আলী প্রমুখ।
এছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামীসহ ইসলামী ও দেশপ্রেমিক সমমনা ৮ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের ঘোষণাকে প্রত্যাহার করে নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজনের দাবি জানান। পাশাপাশি তারা ঘোষিত ৫ দফা অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান।