কুড়িগ্রামে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপনে নানা কর্মসূচি

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ২০২৬ খ্রি. (১৪৪৮ হিজরি) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে কুড়িগ্রামে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২৫ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় কুড়িগ্রামের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ও সশস্ত্র বাহিনীর স্থাপনা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বাদ জোহর জেলার বিভিন্ন মসজিদে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সময়ে হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু সদন, আবাসিক শিশু বিকাশ কেন্দ্র, বৃদ্ধ নিবাস ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশনের কর্মসূচি রয়েছে।

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া, হামদ-নাত প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হবে। পাশাপাশি শিশু একাডেমি ও ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রামের উদ্যোগে হামদ-নাত, স্বরচিত কবিতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল স্তরের জনসাধারণকে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে এসব কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এদিকে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুড়িগ্রামবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে জেলা প্রশাসন।

Share With