কুড়িগ্রামে খেলাফত মজলিসের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামে খেলাফত মজলিসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে শহরের কলেজ মোড় চত্বরে অবস্থিত দ্য গ্র্যান্ড অ্যাসেম্বলি হল রুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস রংপুর অঞ্চলের সহকারী জোন পরিচালক আলহাজ্ব সবেবর রহমান, কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন এবং কুড়িগ্রাম জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজু প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আতিক মুজাহিদ বলেন, সরকারি দলে থাকেন বা বিরোধী দলে থাকেন—কেউ যেন অহংকারী না হন। অতীতে যারা ক্ষমতায় ছিলেন, তাদের অনেকেই অহংকারের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।

তিনি আরও বলেন, জুলাই কোনো নির্দিষ্ট দলের নয়; এটি বাংলাদেশের প্রতিটি মানুষের আকাঙ্ক্ষা। আলেম-ওলামা, গরিব-ধনী, মুয়াজ্জিন, হিন্দু-মুসলিম—সবার আগে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা ছিল।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনার মধ্য দিয়ে ইফতার মাহফিলের কার্যক্রম সম্পন্ন হয়।

Share With