গঙ্গাধর নদীর তীব্র ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভাঙনকবলিত এলাকাবাসী। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে কচাকাটা ইউনিয়নের মধ্য ধনিরামপুর এলাকায় গঙ্গাধর নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় তিনটি ওয়ার্ডের সহস্রাধিক মানুষ অংশ নেন। এ সময় তারা দ্রুত ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের জোর দাবি জানান। বক্তারা বলেন, গঙ্গাধর নদীর পূর্ব তীরের ধনিরামপুর ও মধ্য ধনিরামপুরসহ প্রায় দুই কিলোমিটার এলাকা ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে। ইতোমধ্যে শতাধিক ঘরবাড়ি ও হাজার হাজার বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
তারা আরও জানান, ভাঙনের হুমকিতে রয়েছে পল্লী বিদ্যুতের সাবমেরিন ক্যাবল পয়েন্ট, অসংখ্য বসতভিটা এবং সদ্য নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এলাকার শত শত পরিবার গৃহহীন হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
এলাকাবাসীর দাবি, সরকার ও পানি উন্নয়ন বোর্ড যেন জরুরি ভিত্তিতে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়, তা না হলে আসন্ন শুষ্ক মৌসুমের আগেই গঙ্গাধর তীরবর্তী গ্রামগুলো সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।