কুড়িগ্রামে গৃহবধূকে অমানবিক নির্যাতন: আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট দুধখাওয়া গ্রামে এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজনের অমানবিক নির্যাতনের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন। নির্যাতনের ধরন এতটাই নির্মম যে, ভুক্তভোগীর যৌনাঙ্গে মরিচের বাটনা ঢেলে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুধখাওয়া গ্রামের রফিকুল ইসলাম তাঁর প্রথম স্ত্রী ঝর্ণা বেগম ও সন্তানদের রেখে ঢাকায় যান। সেখানে গিয়ে তিনি দ্বিতীয় বিয়ে করেন। পরবর্তীতে শ্বশুরবাড়ির লোকজনকে দিয়ে ঝর্ণা বেগমের ওপর ধারাবাহিকভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। সর্বশেষ তাঁকে নির্যাতনের অংশ হিসেবে যৌনাঙ্গে মরিচের বাটনা ঢেলে দেওয়া হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী তাঁকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার প্রতিবাদে রবিবার (১০ আগস্ট) সকালে কুড়িগ্রাম–রাজারহাট সড়কের টগরাইহাট এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ করেন স্থানীয়রা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মানববন্ধনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।

মানববন্ধনে বক্তারা আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্থানীয় বাসিন্দা সুজন বলেন, “এভাবে কোনো নারীকে নির্যাতন মেনে নেওয়া যায় না। আসামীদের দ্রুত গ্রেফতার করতে হবে।” আরেকজন অংশগ্রহণকারী তাজুল হক বলেন, “আমাদের সমাজে আর কোনো মা-বোনের যেন এমন পরিণতি না হয়, সেজন্য অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে।”

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Share With