কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৪

কুড়িগ্রামের চর রাজিবপুরে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ চারজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চর রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী বাজারপাড়া এলাকার মৃত নুর হোসেনের ছেলে মো. কোরবান আলী (৪৫) শনিবার থানায় হাজির হয়ে একই এলাকার সাতজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে কোরবান আলী উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমিতে বসবাস করে আসছেন। গত ৩০ অক্টোবর সকালে ওই জমিতে টয়লেট নির্মাণের কাজ চলাকালে বিকেল চারটার দিকে প্রতিপক্ষ দলবদ্ধভাবে লোহার রড ও লাঠিসোটা নিয়ে এসে নির্মাণে বাধা দেয়। এ সময় কোরবান আলীর অনুপস্থিতিতে তার মা সূর্যভানু (৬৫), স্ত্রী রাজিয়া বেগম (৪০), পুত্র শাহিন মিয়া (২০) ও ভাতিজা মাসুদ রানা (১৮) বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় ১নং অভিযুক্ত জহির উদ্দিন রাজিয়া বেগমের পোশাক টানাহেঁচড়া করে বিবস্ত্র করার চেষ্টা করেন এবং ৫নং অভিযুক্ত শাপলা বেগম তার গলার ১০ আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ১ লাখ ৩৫ হাজার টাকা) ছিনিয়ে নেন। এছাড়া ৩নং অভিযুক্ত সুমন মিয়া লোহার রড দিয়ে রাজিয়া বেগমের শরীরে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ আছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কোরবান আলীকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।

এ বিষয়ে অভিযুক্ত জহির উদ্দিন বলেন, “আমি তাদের মারধর করিনি, তারা মিথ্যা অভিযোগ করছে।”

জমির তপশিল অনুযায়ী, মৌজা বালেমারী, জেএল নং ২৫, খতিয়ান নং ২৪৫, দাগ নং ৪৩০–এর মোট ৫৯ শতাংশ জমির মধ্যে কোরবান আলীর ওয়ারিশসূত্রে প্রাপ্ত অংশ ২৯.৫০ শতাংশ। অভিযোগে বলা হয়েছে, বিবাদীরা ওই জমি বেদখলের চেষ্টা করছে।

চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, “জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share With