জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসক বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের ইতিহাসে একটি বিশেষ দিন। কুড়িগ্রামে দিবসটি শান্তিপূর্ণ ও বর্ণাঢ্যভাবে পালনের জন্য প্রশাসন এবং সকল রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের সহযোগিতা প্রয়োজন। দলমত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দিনটি মর্যাদাপূর্ণভাবে উদযাপন করতে চাই।”
সভায় দিবসের কর্মসূচি সফল করার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা এবং অতিরিক্ত পুলিশ সুপার আনিচ উদ্দীন।
এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, প্রেসক্লাবের সভাপতি সফি খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, কুড়িগ্রাম চেম্বারের সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সাংবাদিক আশরাফুল হক রুবেল ও সাইয়েদ আহমেদ বাবু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা, এবং এবি পার্টির জেলা আহ্বায়ক নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা দিবসটি উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন এবং সফল বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।