কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ, নির্বাচিত ৩১ সদস্যের শূরা

কুড়িগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীরের শপথ গ্রহণ ও জেলা শূরা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৭-২০২৮ সেশনের জন্য পুনরায় জেলা আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন অধ্যাপক আজিজুর রহমান সরকার। একই সঙ্গে ৩১ সদস্যবিশিষ্ট জেলা শূরা পরিষদ নির্বাচিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় কুড়িগ্রাম কামিল মাদরাসার হলরুমে জেলা জামায়াত আয়োজিত ‘রুকন সম্মেলন-২০২৬’-এ এ শপথ গ্রহণ ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংগঠনের গঠনতন্ত্রের ৭২ ধারা অনুযায়ী জেলার পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে ২০ জন পুরুষ ও ১১ জন মহিলা সদস্য নিয়ে মোট ৩১ সদস্যের জেলা শূরা পরিষদ নির্বাচিত করা হয়।

সম্মেলনে নবনির্বাচিত জেলা আমীর ও শূরা সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রুকনদের জ্ঞান ও যোগ্যতা বাড়ানোর পাশাপাশি পবিত্র কুরআনের জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে। যারা দুনিয়ার মোহ ত্যাগ করে আখিরাতকে প্রাধান্য দেবেন, তাদের মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে। দুনিয়ার বিজয় শুধু সংখ্যার ওপর নির্ভর করে না, বরং আল্লাহর ফয়সালার ওপর নির্ভরশীল। কুড়িগ্রামে জাতীয় সংসদ নির্বাচনে অর্জিত ধারাবাহিকতা ধরে রেখে আগামী স্থানীয় সরকার নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ও সেক্রেটারিসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের রুকনরা অংশগ্রহণ করেন।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *